গ্রেপ্তারি পপরোয়ানা একদিন পর জামিন পেলেন মাওলানা মামুনুল হক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক জামিন পেয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মামুনুল হক। বিচারক ১ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে একই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
পূর্ব নির্ধারিত শুনানির দিন আদালতে হাজির না হতে পারায় মাওলানা মামুনুল হক তাঁর আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেছিলেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অবশেষে বুধবার মামুনুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজির না হওয়ায় তার আইনজীবী সময় প্রার্থনা করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে উপযুক্ত ব্যবস্থা নেন।
মাওলানা মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমন ফারুক নয়ন বলেন, মামুনুল হক অসুস্থ। তাঁর চিকিৎসার কাগজপত্রসহ আদালতে সময় প্রার্থনা করেছিলাম, যা নামঞ্জুর হয়। আজ আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
এর আগে, ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে কারাগারে প্রেরণ করা হয় এবং চলতি বছরের ৩ মে তিনি কারামুক্ত হন।

0 Comments